‘আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তি ব্যবহারে নারীরা পিছিয়ে’
আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রযুক্তি ব্যবহারে এখনো পিছিয়ে নারীরা। এ অবস্থার পরিবর্তন করতে হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এসব খাতে নারীদের অন্তর্ভুক্ত করা হলে তা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (২১ জানুয়ারি) সকালে বিআইবিএম অডিটোরিয়ামে ‘জেন্ডার রেপন্সসিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক কর্মশালায় রাজধানীতে এক কর্মশালায় এ কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।
আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে নারীরা কেন পিছিয়ে তা খুঁজে বের করতে কর্মশালার আয়োজন করে বিআইবিএম এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআরডি)।
কর্মশালায় বক্তারা বলেন, ২০২৬ সালের মধ্যে শতভাগ আর্থিক অন্তর্ভুক্তি বাস্তবায়নের জন্য আর্থিক সেবা খাতে লৈঙ্গিক সমতা নিশ্চিত করা জরুরি। যা নিশ্চিত হলে এনএফআইএস-বি’র লক্ষ্য এবং ভিশন-২০৪১ অর্জন সম্ভব হবে।
কর্মশালায় প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম’র অধ্যাপক (সিলেকশন গ্রেড) এবং বিআইবিএম-সিআরডি প্রকল্পের স্টাডি টিম লিডার ড. শাহ্ মো. আহসান হাবীব।
জেন্ডার গ্যাপ ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুসান (জিজিআইএফআই) প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন সিআরডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. মোকলেসুর রহমান। বিআইবিএম’র অধ্যাপক (সিলেকশন গ্রেড) এবং পরিচালক (ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট) মো. নেহাল আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।







